শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

তারেক রহমান ও বিএনপিকে জার্মান দূতাবাসের অভিনন্দন

গেজেট প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে ঢাকার জার্মান দূতাবাস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।

অভিনন্দন বার্তায় দূতাবাস উল্লেখ করেছে, আমরা তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানাই।

একই সঙ্গে নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের প্রশংসা করেছে জার্মানি। বার্তায় বলা হয়, আমরা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য বাংলাদেশের জনগণেরও প্রশংসা করি, যা গণতান্ত্রিক সম্পৃক্ততার একটি অর্থবহ বহিঃপ্রকাশ এবং নবনির্বাচিত সব সংসদ সদস্যকে আমাদের অভিনন্দন জানাই।

বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করে দূতাবাস আরও জানায়, জার্মানি নতুন সরকার এবং জাতীয় সংসদের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরালো করতে চায়। বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার ও উন্নয়নের পথে সমর্থন অব্যাহত রাখতে নিবিড়ভাবে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেছে দেশটি।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করায় বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছিল যুক্তরাষ্ট্র, ভারতসহ বেশ কয়েকটি বন্ধুপ্রতিম দেশ।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন