রবিবার । ১লা ফেব্রুয়ারি, ২০২৬ । ১৮ই মাঘ, ১৪৩২

অন্তর্বর্তী সরকার ভালো নির্বাচন উপহার দেবে : শফিকুল আলম

গেজেট প্রতিবেদন

অন্তর্বর্তী সরকার দেশে একটি সুষ্ঠু, নিরাপদ ও ভালো নির্বাচন উপহার দেবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রেস সচিব বলেন, আসন্ন গণভোট নিয়ে ভোটারদের মধ্যে উৎসাহ জাগবে এবং সরকার সে অনুযায়ী প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করছে।গত বছরের ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সেদিন কোনো বিশৃঙ্খলা দেখিনি। মনোনয়ন যে কম পড়েছে তাও নয়।

বাংলাদেশের ভোটাররা যথেষ্ট সচেতন উল্লেখ করে তিনি জানান, গণভোটের বিষয়ে সরকার প্রচারণা চালাচ্ছে এবং ভোটের গাড়ি এখন সারা দেশে ঘুরছে। একটি ভালো নির্বাচন উপহার দিতে যা যা করা দরকার, সরকার তা করে যাচ্ছে।

এছাড়া জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ হওয়ার পর রায়েরবাজার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা মরদেহগুলোর পরিচয় শনাক্তে বড় অগ্রগতির তথ্য জানান প্রেস সচিব। তিনি বলেন, কবরস্থানটি থেকে উত্তোলন করা ১১৮টি মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা গেছে। তাদের পরিবারকেও বিষয়টি ইতোমধ্যে জানানো হয়েছে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খুব শিগগিরই এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে।

এই শনাক্তকরণ প্রক্রিয়াটি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সম্পন্ন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বসনিয়া যুদ্ধের সময় সেব্রেনিৎসায় ১০ হাজার মানুষকে হত্যার পর যারা পরিচয় শনাক্তে কাজ করেছিলেন, সেই আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল বাংলাদেশের সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিয়েছেন। সরকার প্রতিটি শহীদের পরিচয় নিশ্চিত করতে বদ্ধপরিকর।

বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমানের নিয়োগ প্রসঙ্গে শফিকুল আলম জানান, লিয়েনে থাকাকালীন অবসর গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন করা যায় না বলে তাকে প্রথমে পদত্যাগ করে আগের কর্মস্থলে ফিরে যেতে হয়েছে। সেখানে অবসরের আনুষ্ঠানিকতা শেষ করার পর তাকে আবারও নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া আজ উপদেষ্টা পরিষদে ‘জাতীয় নগর নীতি’র খসড়া অনুমোদিত হয়েছে বলেও তিনি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে দাফন করার বিষয়ে আলোচনা হয়েছে এবং সুষ্ঠুভাবে সব সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে। প্রেস সচিব বলেন, ‘খালেদা জিয়ার জানাজায় সার্কের পাঁচ দেশের মন্ত্রী পর্যায়ের নেতারা এসেছিলেন। এদের মধ্যে পাকিস্তান, নেপাল ও মালদ্বীপের মন্ত্রীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন।’

তামাক ব্যবহার কমানো প্রসঙ্গে শফিকুল আলম বলেন, তামাকের কারণে প্রতি বছর ১ লাখ ৩০ হাজার মানুষ মারা যায়। এটি রোধে সরকার তামাক দ্রব্য আইন তৈরি করেছে, যার মাধ্যমে উন্মুক্ত জায়গায় তামাক সেবনের হার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন