সোমবার । ৪ঠা মে, ২০২৬ । ২১শে বৈশাখ, ১৪৩৩

কোটা আন্দোলনের আরো দুই সমন্বয়ক ডিবি হেফাজতে

গেজেট ডেস্ক

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরও দুই সমন্বয়ককে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাঁরা হলেন সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।

আজ শনিবার সন্ধ্যায় সারজিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে বলে  জানিয়েছেন ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুনায়েদ আলম সরকার। রাত পৌনে নয়টার দিকে তিনি বলেন, শনিবার সন্ধ্যায় সারজিস ও হাসনাতকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এই দুজনকেও ব্যক্তিগত নিরাপত্তা দিতে ও সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে তথ্য জানতে হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে তুলে নিয়ে যান সাদাপোশাকে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য। এ সময় আসিফের সঙ্গে থাকা আরেক সমন্বয়ক আবু বাকের মজুমদারকেও তুলে নেওয়া হয়। পরে রাতে ডিবির পক্ষ থেকে তাঁদের হেফাজতে নেওয়ার কথা জানানো হয়। নাহিদ, আসিফ ও বাকের এখনো ডিবির হেফাজতে আছেন।

ডিবির হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের এই পাঁচ সমন্বয়কই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাঁদের মধ্যে নাহিদ ইসলাম সমাজবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। আসিফ মাহমুদ ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আর আবু বাকের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। নতুন করে হেফাজতে নেওয়া সারজিস আলম প্রাণিবিদ্যা বিভাগের আর হাসনাত আবদুল্লাহ ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন