আলতাফ তিন, আলাল ৪ মামলায় গ্রেপ্তার

গেজেট ডেস্ক

নাশকতার পৃথক ৭ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক বিমানবাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী ও দলটি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। রোববার (১১ ফেব্রুয়ারি ) দুপুরে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই সঙ্গে দুপুরে তাদের জামিন শুনানির জন্য রেখেছেন।

আসামি পক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, আলতাফ হোসেন চৌধুরীকে রাজধানীর রমনা থানার পৃথক তিন মামলায় এবং মোয়াজ্জেম হোসেন আলালকে রমনা থানার তিন ও পল্টন থানার আরেক মামলায় জামিন আবেদনসহ গ্রেপ্তার দেখানোর আবেদন করি। আদালত শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং জামিন শুনানির জন্য আজ বিকেল ৩ টায় সময় নির্ধারণ করেছেন। আশা করছি, আজকে এসব মামলায় আদালত তাদের জামিন মঞ্জুর করবেন।

জানা যায়, গত ৪ নভেম্বর ভোরে রাজধানীর উত্তরা থেকে আলতাফ হোসেন চৌধুরীকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যায় র‍্যাব। পরে র‍্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, নাশকতা ও সহিংসতা মামলার আসামি হিসেবে টঙ্গী এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়।

গত ৫ নভেম্বর আলতাফ হোসেন চৌধুরীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার সিএমএম আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

অপরদিকে গত ৩১ অক্টোবর রাতে রাজধানীর শাহজাহানপুরের এলাকার একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন