রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

হাসপাতাল থেকে পালালেন তিন সন্তানকে বিষ পান করানো মা

গেজেট ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানীতে পারিবারিক কলহের জের ধরে তিন মেয়েকে বিষপান করিয়ে হত্যার চেষ্টাকারী মা পলি বেগম হাসপাতাল থেকে পালিয়ে গেছেন।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওই নারী পালিয়ে যান। ছোট মেয়ে মারা যাবার পর বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) শাশুড়ির মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বাড়িতে থাকা কীটনাশক মাদরাসায় পড়ুয়া ৮ বছরের মেয়ে আফসানা, আড়াই বছরের আমেনা ও দেড় বছরের মীমকে বিষপান করান পলি বেগম। পরে আত্মহত্যার জন্য নিজেও ওই বিষ পান করেন।

বিষয়টি টের পেয়ে রাত ৮টার দিকে পরিবারের লোকজন তাদেরকে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে বুধবার (৩১ জানুয়ারি) সকালে দেড় বছরের শিশু মীম মারা যায়।

এরপর অসুস্থ অবস্থায় মা পলি বেগমকে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে বৃহস্পতিবার দুপুরে ওই নারী সবার অগোচরে হাসপাতাল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক নিয়াজ মোহাম্মদ বলেন, আমি এখন ঢাকায় অবস্থান করছি। হাসপাতাল থেকে জানতে পেরেছি ওই মহিলা পালিয়ে গেছে। ঢাকা থেকে ফিরে বিষয়টি দেখা হবে সে কিভাবে পালিয়ে গেল।

খুলনা পেজেট/ এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন