রবিবার । ৩রা মে, ২০২৬ । ২০শে বৈশাখ, ১৪৩৩

শাহ আমানত বিমানবন্দরে সিগারেটের প্যাকেটে দেড় কেজি স্বর্ণ উদ্ধার

গেজেট ডেস্ক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি পরিত্যক্ত সিগারেটের প্যাকেট থেকে স্বর্ণের ১৪টি বার উদ্ধার করা হয়েছে।

বিমানবন্দরের ২ নম্বর আন্তর্জাতিক আগমনী কনভেয়ার বেল্ট থেকে শুক্রবার সকালে এসব স্বর্ণ যৌথভাবে উদ্ধার করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ১ কেজি ৬৩১ গ্রাম।

স্বর্ণ উদ্ধার সংশ্লিষ্ট এনএসআই কর্মকর্তা জানান, সকাল সাড়ে ৯টার দিকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯-৫২৬ ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছিল। ধারণা করা হচ্ছে ওই ফ্লাইটের কোনো যাত্রী অবৈধভাবে এসব স্বর্ণ দেশে এনে আর বের করতে পারেননি৷ ভয়ে কনভেয়ার বেল্টে রেখে পালিয়েছেন।

তিনি জানান, পরিত্যক্ত অবস্থায় কনভেয়ার বেল্টে একটি সিগারেটের প্যাকেটে চোরাই স্বর্ণ থাকতে পারে বলে খবর পায় এনএসআই। এর ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে অভিযান পরিচালনা করে এসব স্বর্ণ উদ্ধার করে এনএসআই।

এনএসআইয়ের ওই কর্মকর্তা বলেন, ‘উদ্ধার স্বর্ণ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।’

উদ্ধার এসব স্বর্ণের পুরোটাই সরকারের রাজস্ব আয় হিসেবে জমা হবে বলেও জানান তিনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন