শনিবার । ২রা মে, ২০২৬ । ১৯শে বৈশাখ, ১৪৩৩

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, আহত ৪

গেজেট ডেস্ক

গোপালগঞ্জ সদর উপজেলায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী ও দুই মেয়েসহ চার জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান।

নিহত মোস্তফা কামাল (৫৫) ঢাকায় ব্যবসা করেন এবং ওয়ারী হাটখোলা এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি বরিশালে।

ওসি জানান, একটি মাইক্রোবাসে করে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গ্রামের বাড়ি বরিশাল যাচ্ছিলেন মোস্তফা কামাল। পথে মাইক্রোবাসটি ডুমদিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই মোস্তফা কামাল নিহত হন এবং তার স্ত্রী ও দুই মেয়েসহ চার জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক মোস্তফা কামালের স্ত্রী ও দুই মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন