মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

ট্রাকচাপায় প্রাণ গেল ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতিসহ তার বন্ধুর

গেজেট ডেস্ক

রাজধানীর ইস্কাটন রোডে ট্রাকের চাপায় বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ও তার বন্ধু নিহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা হয় বলে জানা গেছে।

নিহতরা হলেন পঞ্চগড়ের খাইরুল ইসলামের ছেলে ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি মো. আরিফুল ইসলাম (৪০) ও তার বন্ধু নোয়াখালীর মোহাম্মদ আবু করিমের ছেলে সৌভিক করিম (৪২)। এদের মধ্যে আরিফুল বড় মগবাজার প্যানারোমা ৯৯/ডি -৬-৪ নং বাসায় থাকতেন। তিনি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) নামে একটি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগের প্রধান ছিলেন।

নিহত আরিফুলের সহকর্মী সুমন জানান, রাতে দুই বন্ধু মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে ইস্কাটন রোড ইউটার্ন এলাকায় একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন