দিনাজপুরে বাস ও ইজিবাইক সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

গে‌জেট ডেস্ক

দিনাজপুর শহরে ইজিবাইক ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছে। এসময় ইজিবাইকের চালকসহ দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১১ আগস্ট) বিকেল চারটায় দিনাজপুর শহরের এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত স্বামী স্ত্রী হলেন পার্বতীপুর উপজেলা চন্ডিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ সালান্দার আদিবাসী পাড়ার মঙ্গল মুর্মু (৬৮) ও মালতি হাসদা (৫০)।

আহতরা হলেন ইজিবাইক চালক পার্বতীপুর উপজেলার দুর্গাপুর গ্রামের ধনী শাহের ছেলে মহসিন আলী (৩৭) ও নিহত স্বামী স্ত্রীর নাতি উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের রানীগঞ্জ আদিবাসী পাড়ার বিপ্লব হাসদা (১৮)।

জানা গেছে, নাতি বিপ্লব হালদারের বাড়ি থেকে পার্বতীপুরের বাস ধরার জন্য মহারাজা মোড়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাস টার্মিনাল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালকসহ ৪ জন আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা করে। গুরুতর আহত দুইজনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত ইজিবাইক ও ঘাতক বাস আটক করা হয়েছে। ঘাতক বাসের চালক ও হেলপাররা পালিয়ে গেছে।

খুলনা গেজেট/ টিএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন