মঙ্গলবার । ৩০শে জুন, ২০২৬ । ১৬ই আষাঢ়, ১৪৩৩

এবার তৃতীয় মাত্রার জিল্লুরের ব্যাংক হিসাব তলব

গেজেট ডেস্ক

জনপ্রিয় টকশো তৃতীয় মাত্রার উপস্থাপক জিল্লুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সম্প্রতি সব ব্যাংকে চিঠি দিয়ে আগামী ৫ কার্যদিবসের মধ্যে লেনদেনসহ অ্যাকাউন্ট সম্পর্কিত যাবতীয় তথ্য দিতে বলা হয়েছে।

উপস্থাপনার পাশাপাশি জিল্লুর রহমান ঢাকার থিঙ্ক ট্যাঙ্ক ও গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্ট্যাডিজের (সিজিএস) নির্বাহী পরিচালক। প্রতিষ্ঠানটি সুশাসন, দুর্নীতি, মানবাধিকার, গণতন্ত্রসহ নানা বিষয়ে গবেষণা পরিচালনা করে। এ প্রতিষ্ঠানের লেনদেনের তথ্যও চাওয়া হয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে তথ্য সংগ্রহের জন্য শরীয়তপুরে তাঁর পৈতৃক বাড়িতে যায় পুলিশ। এ নিয়ে ফেসবুকে স্ট্যাটাসে বিস্ময় প্রকাশ করেন তিনি। সে সময় জিল্লুর রহমান দাবি করেন, তাঁকে, তাঁর পরিবার ও প্রতিবেশীদের ভয় দেখানোর জন্য পুলিশ বাড়িতে গেছে।

উপস্থাপক হিসেবে তাঁর ভূমিকা এবং সিজিএসের কর্মকাণ্ডে প্রতিবন্ধকতা তৈরির জন্য পুলিশ এটা করেছে বলেও দাবি করেছিলেন তিনি।

এ ঘটনার নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক নেতারা। তারা একে গণমাধ্যমকে ভীতি প্রদর্শন এবং চাপে রাখার কৌশল হিসেবে উল্লেখ করেছেন।

 

খুলনা গেজেট/ এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন