সিলেটে মেয়র প্রার্থী আনোয়ার ও বাবুলকে কারণ দর্শানোর নোটিশ

গেজেট ডেস্ক

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবলুকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের স্বাক্ষরিত পৃথক দুটি পত্রে তাদের কারণ দর্শাতে বলা হয়।

এতে বলা হয়, প্রতীক বরাদ্দের আগে তারা প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ করেছেন। প্রার্থীদের এমন কর্মকাণ্ডের জন্য আচরণ বিধিমালার বিধি ৩২ অনুযায়ী ‘কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না, তা লিখিতভাবে প্রার্থীদের কাছ থেকে জানতে চেয়েছেন রিটার্নিং কর্মকর্তা। আগামী তিন কার্যদিবসের মধ্যে স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব প্রদানের জন্য অনুরোধ করা হলো’।

সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর বিধি ৫ উল্লেখ করে পত্রে আরও বলা হয়, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার শুরু করতে পারবেন না।

খুলনা গেজেট/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন