বুধবার । ২৪শে জুন, ২০২৬ । ১০ই আষাঢ়, ১৪৩৩

হবিগঞ্জে মা-মেয়েকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার দুই যুবকের স্বীকারোক্তি

হবিগঞ্জের চুনারুঘাটে রাতভর মা ও মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার দুই যুবক আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ সোমবার (০৫ অক্টোবর) বিকালে তারা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ জবানবন্দি দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতার দুজন হলেন ওই উপজেলার জিদর গ্রামের শফিক মিয়ার ছেলে মামলার প্রধান আসামি শাকিল মিয়া ও একই গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে হারুন মিয়া। এর আগে রবিবার বিকালে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার রাতে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পাহাড়ি এলাকা গরমছড়ি ফরেস্ট মাজার সংলগ্ন একটি বাড়িতে আসে একদল যুবক। প্রথমে যুবকরা দরজা ভেঙে ঘরে প্রবেশ করে মা ও মেয়েকে জিম্মি করে স্বর্ণালংকার ও গরু নিয়ে যান। তারা ডাকাতি করে চলে যাওয়ার সময় মা ও মেয়ের মুখ বেঁধে ধর্ষণ করেন। এতে অজ্ঞান হয়ে পড়েন মা ও মেয়ে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে তারা চিৎকার করেন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ইউপি সদস্যকে জানান।

চুনারুঘাট থানার ওসি (তদন্ত) চম্পক ধাম জানান, এ ঘটনায় শনিবার রাতে তিনজনের নাম উল্লেখসহ আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী মা। পুলিশ রবিবার সাঁড়াশি অভিযান চালিয়ে প্রধান আসামিসহ দুজনকে গ্রেফতার করে। অপর আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিমদের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এদিকে, গ্রেফতাররা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন