বৃহস্পতিবার । ৩০শে এপ্রিল, ২০২৬ । ১৭ই বৈশাখ, ১৪৩৩

গুলিস্তান পাতাল মার্কেট অতিঝুঁকিপূর্ণ : ফায়ার সার্ভিস

গেজেট ডেস্ক

গুলিস্তান পাতাল মার্কেটকে অতি অগ্নিঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ফায়ার সার্ভিসের ঢাকা জোন-১ এর জোন প্রধান মো. বজলুর রশিদ গণমাধ্যমকে এ তথ্য জানান।

বজলুর রশিদ জানান, বেলা ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে অগ্নিঝুঁকি অ্যাসেসমেন্টের উদ্দেশে গুলিস্তানের পাতাল মার্কেট পরিদর্শন করে ফায়ার সার্ভিসের একটি টিম। পরিদর্শন শেষে ফায়ার সার্ভিস জানিয়েছে গুলিস্তান পাতাল মার্কেট অতি অগ্নিঝুঁকিপূর্ণ।

তিনি জানান, গুলিস্তান পাতাল মার্কেটে পানির কোনো উৎস নেই। আগুন লাগলে সেখানে পানি পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই। যেখানে ফায়ার অ্যালার্ম সিস্টেম (ডিটেক্টর) নেই। সেখানে ফায়ার এক্সটিংগুইশার (নির্বাপক) পাওয়া গেলেও কোনোটি মেয়াদোত্তীর্ণ, কোনোটি অকার্যকর। সেখানে ভেন্টিলেশন ব্যবস্থা একেবারে অকার্যকর। সিঁড়ি ছোট ও সরু। সেখানেও বসেছে দোকান। শুধু তাই নয়, দুই বছর আগে একই মার্কেট পরিদর্শন শেষে একই ধরনের প্রতিবেদন দাখিল করেছিল ফায়ার সার্ভিস। কিন্তু সেই প্রতিবেদন দাখিল করলেও কোনো পদক্ষেপই নেয়নি।

বজলুর রশিদ বলেন, আমরা রিপোর্টের কপি দিয়ে আসছি। আজকের পরিদর্শনের প্রতিবেদন সদরদপ্তরে দাখিল করা হবে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন