বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারালেন রোলারের চালক

গেজেট ডেস্ক

গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় বিভূতি ঢালী (৩৫) নামে এক রোলারচালক প্রাণ হারিয়েছেন। এতে প্রাইভেটকারেরও তিন যাত্রী আহত হয়েছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তাড়াইল পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) খান শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বিভূতি ঢালী গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম এলাকার মৃত মণীন্দ্রচন্দ্র ঢালীর ছেলে।

ওসি খান শরিফুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সড়ক ঠিক করার জন্য রোলার নিয়ে বিভূতি ঢালী গোপালগঞ্জ শহর থেকে কাশিয়ানী উপজেলার ফুকরা যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখি দ্রুতগামী একটি প্রাইভেটকার রোলারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং রোলার থেকে ছিটকে মহাসড়কের উপর পড়ে মারাত্মক আহত হন বিভূতি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে চিকিৎসক।

মারাত্মক আহত প্রাইভেটকারের তিন যাত্রীকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা গেজেট/ বি এম এস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন