বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

সি‌পি‌ডি একটি দলকে ক্ষমতায় বসাতে চায়, এর মাশুল তাদের দিতে হবে : কৃ‌ষিমন্ত্রী

গেজেট ডেস্ক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রাজনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করছে। তারা একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাতে চায়। এর মাশুল তাদের দিতে হবে।

বাংলাদেশে ব্যবসা করতে গেলে দুর্নীতি প্রধান বাধা, সিপিডির এমন প্রতিবেদনের জবাবে সোমবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

এসয় আব্দুর রাজ্জাক বলেন, উন্নয়নশীল দেশে কম বেশি দুর্নীতি হবেই। কারণ এসব দেশে বেকারত্ব অনেক বেশি, দারিদ্র্য অনেক বেশি। আর দুর্নীতি পৃথিবীর সব দেশেই আছে। তবে বাংলাদেশ থেকে দুর্নীতি উধাও হয়ে গেছে।

কৃষিমন্ত্রী আরও বলেন, সিপিডি একটি রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোচ্ছে। একটা রাজনৈতিক শক্তিকে তারা ক্ষমতায় আনতে চাচ্ছে। সিপিডির সঙ্গে যারা কাজ করেন তারা অনেকটাই তাদের অংশীদার। কাজেই সেই লক্ষ্য নিয়ে সিপিডি এ গবেষণা কার্যক্রমটি চালিয়েছে। মন্ত্রী বলেন, এটা কী মেথোডলজি ছিল, কীভাবে তথ্য সংগ্রহ করেছে- সেটি আমাদের দেখতে হবে, আমাদের সামনে সেটি দেখাতে হবে। তাহলেই মনে করবো- এটি সঠিক কি না।

উল্লেখ্য, রোববার (২৯ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডাব্লিউইএফ) একটি যৌথ জরিপ প্রকাশ করে। জরিপের ফল উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ও অর্থনীতিবিদ খন্দকার গোলাম মোয়াজ্জেম।

জরিপে উঠে এসেছে, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের অগ্রগতি হয়নি। এটি হয়তো স্থবির ছিল অথবা আগের তুলনায় আরও খারাপ হয়েছে। এ জন্য দায়ী করা হচ্ছে দুর্নীতিকে। গত বছর এই দুর্নীতিই ছিল ব্যবসায় উন্নতির ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। শুধু তাই নয়, ব্যাংক থেকে ঋণ পেতে চ্যালেঞ্জ, দুর্বল আমলাতন্ত্র ও মূল্যস্ফীতিও ছিল ব্যবসার জন্য বাধা।

খুলনা গেজেট/এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন