বুধবার । ১লা জুলাই, ২০২৬ । ১৭ই আষাঢ়, ১৪৩৩
সাড়ে ৩৬ কোটি টাকা আত্মসাত

বিকল্পধারার মান্নানের স্ত্রী ও দুই মেয়েসহ ১২ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

গেজেট ডেস্ক

সাড়ে ৩৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের স্ত্রী উম্মে কুলসুম মান্নান ও তাদের দুই মেয়েসহ ১২ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৩ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাটি অনুমোদন দেওয়া হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে। শিগগিরই সংস্থাটির উপ-পরিচালক মো. আব্দুল মাজেদ বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।

মেজর মান্নানের দুই মেয়ে হলেন তানজিলা মান্নান ও তাজরিনা মান্নান। তারা বিআইএফসির সাবেক পরিচালক।

অনুমোদিত মামলার অন্যান্য আসামিরা হলেন- বিআইএফসির পরিচালক আব্বাস উদ্দিন আহমেদ, এএমএম জাহাঙ্গীর আলম, রইস উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক আরশাদ উল্লাহ, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক ইনামুর রহমান, সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ফকরে ফয়সাল, সাবেক এভিপি আহমেদ করিম চৌধুরী এবং সাবেক সিনিয়র অফিসার মোহাম্মদ নিজাম উদ্দিন ও মো. মোস্তাফিজুর রহমান।

আসামিদের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে ম্যাক্সনেট অনলাইনের স্বত্তাধিকারী মো. রইস উদ্দিনের নামে ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে সুদাসলে ৩৬ কোটি ৪৯ লাখ ৩১ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

এর আগে আত্মসাতের একই ধরনের ঘটনায় বিআইএফসির সাবেক চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানসহ অর্ধশত ব্যক্তিকে আসামি করে পাঁচ মামলা দায়ের করে দুদক।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন