বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

কারাগারে বসেই এলএলএম পরীক্ষা দেয়ার অনুমতি পেয়েছেন রিজভী

গেজেট ডেস্ক

নাশকতার অভিযোগে বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এলএলএম (মাস্টার্স) পরীক্ষার অনুমতি পেয়েছেন। বুধবার (৪ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

রুহুল কবির রিজভীর অন্যতম আইনজীবী আব্দুস সালাম হিমেল বলেন, রুহুল কবির রিজভী আইনজীবী। তিনি এলএলবি পাস করে আইন পেশায় যুক্ত আছেন। অধিকতর শিক্ষার জন্য তিনি এলএলএম (মাস্টার্স) করছেন। আগামী সপ্তাহে তার এলএলএম এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা। তিনি প্রাইম ইউনিভার্সিটিতে এলএলএম পড়ছেন।

এই বিষয় নিয়ে বুধবার সকালে আবেদন করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। বিচারক শুনানি শেষে কারা বিধি অনুসারে পরীক্ষার অনুমতি দিয়েছেন। আগামী ১২, ১৩ ও ১৯ জানুয়ারি তার এলএলএম এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

৮ ডিসেম্বর বিকেলে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে।

অভিযান চলাকালে নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারে আটক রয়েছেন রিজভী।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন