রংপুরে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫

গেজেট ডেস্ক

রংপুরের তারাগঞ্জে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের নেংটিছেড়া সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত ভবানিগঞ্জ গ্রামের সহির উদ্দিন (৪০), পাতিলডাঙ্গা গ্রামের খাদেমুল ইসলাম (৩৮), শুকনাল বাসফোর (৫০), শেরমস্ত বানিয়াপাড়ার আজানুর রহমান (৪৫) ও বাঙালীপুর গ্রামের হাবিবুল্লা (৪৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তারাগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি ইজিবাইক সৈয়দুপর সড়ক ধরে চিকলির দিকে যাচ্ছিল। মহাসড়কের নেংটিছেঁড়া সেতুর কাছে পৌঁছালে সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি অ্যাম্বুলেন্স ও ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ইজিবাইকটির সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। অন্যজনের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মী ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। আর হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও একজনের। এছাড়া আহত তিন-চারজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ হস্তান্তরের জন্য তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান তিনি।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন