বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

এমপি এ্যানি রহমান মারা গেছেন

গেজেট ডেস্ক

সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এমপি) শেখ এ্যানি রহমান মারা গেছেন। মঙ্গলবার ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিন দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া এক পোস্টে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ফেসবুকে শিক্ষামন্ত্রী লেখেন, তিনি (এ্যানি রহমান) আমার কাছে ছিলেন চাচি। আল্লাহ চাচিকে বেহেশত নসীব করুন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফেরাত কামনা করছি। শেখ হাফিজুর রহমান চাচাসহ তার শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জানাই।

ডা. দীপু মনি আরও লেখেন, জাতীয় সংসদের লবিকে আদর-উচ্ছ্বসে ভরিয়ে রাখতেন। নিজ এলাকার মানুষের জন্য তার ছিল অপার ভালোবাসা। তাদের উন্নয়নের জন্য কী কী করবেন তা নিয়ে ভাবতেন। মন্ত্রীদের অনুরোধ করতেন। চাচির মতো সদাহাস্যময়ী ও স্নেহপ্রবণ মানুষ কমই হয়। অনেক স্নেহ পেয়েছি তার কাছ থেকে। আমি ঋণী হয়ে রইলাম।

শেখ এ্যানি রহমান ক্যানসারসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে ব্যাংককে চিকিৎসাধীন ছিলেন। তিনি পিরোজপুরের সংরক্ষিত নারী আসন-১৯ এর সংসদ সদস্য ছিলেন।

শেখ এ্যানি রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চাচি।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন