বুধবার । ২৯শে এপ্রিল, ২০২৬ । ১৬ই বৈশাখ, ১৪৩৩

সাজেকে পর্যটকদের যাতায়াত শুরু

গেজেট ডেস্ক

রাঙামাটির সাজেক যাওয়ার পথে নন্দারাম নামক স্থানে পাহাড় ধসের ঘটনায় সাড়ে ছয় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। সেনাবাহিনীর সহায়তায় অবশেষে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আকতার। পাহাড় ধসের ঘটনায় রাস্তার দুই পাশে আটকা পড়েন কয়েক হাজার পর্যটক।

মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে ভারী বৃষ্টিপাতের কারণে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। মাটি সরাতে সকাল থেকে সেনাবাহিনী কাজ করেছে।

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন জানান, গতকাল যারা বেড়াতে এসেছিলেন তারা আজ (বুধবার) সকালে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু পাহাড় ধসের কারণে গাড়ি চলাচল বন্ধ থাকায় সবাই আটকা পড়ে। দুপুরের কিছু পর থেকে যান চলাচল স্বাভাবিক হলে গাড়ি ছাড়তে শুরু করেছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, পাহাড় ধ্বসের পর সেনাবাহিনীর ২০ ইসিবি’র সদস্যদের সঙ্গে স্থানীয়রা মাটি সরানোর কাজে নেমে পড়েন। দুপুর আড়াইটার দিকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এখন কোনো সমস্যা নেই। যান চলাচল স্বাভাবিক হয়েছে, পর্যটকরাও যাতায়াত শুরু করেছেন।

প্রসঙ্গত, টানা চার দিনের ছুটির কারণে সাজেকে বাড়তি পর্যটকের চাপ রয়েছে। বর্তমানে সেখানে দুই হাজার পর্যটক অবস্থান করছেন। আরও তিন হাজার পর্যটক প্রবেশ করছে বলে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন