মঙ্গলবার । ২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১১ই ফাল্গুন, ১৪৩২

মা ও শিশু সন্তানের প্রাণ কেড়ে নিল ঘাতক বাস

গেজেট ডেস্ক

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মা ও তার ৮ মাসের শিশু ছেলে সন্তান নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি একই উপজেলার ফলসি গ্রামে।

নিহতরা হলেন- ফলসি গ্রামের রফিক কাজীর স্ত্রী মীরা বেগম (৩৫) ও তার ৮ মাস বয়সের শিশু সন্তান আলি কাজী।

কাশিয়ানীর রামদিয়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) প্রকাশ বিশ্বাস জানান, মীরা তার শিশু সন্তানকে নিয়ে ভ্যানে বাবার বাড়ি ফুকরা থেকে স্বামীর বাড়ি ফলসি যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে কাশিয়ানীর ব্যাসপুর থেকে গোপালগঞ্জগামী একটি যাত্রীবাহী লোকাল বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই শিশু আলী নিহত হয়।

এদিকে মারাত্মক আহত মা মীরা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খুলনা গেজেট /এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন