মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

খালেদা জিয়ার হার্টে ব্লক, আরেকটি রিং বসানোর পরিকল্পনা

গেজেট ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্টে কয়েকটি ব্লক ধরা পড়ার কথা জানিয়েছিলেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। তার মধ্যে একটি ব্লক বেশি ক্ষতিকর হওয়ায় সেখানে রিং বসানো হয়। এখন তার হার্টে আরেকটি রিং বসানো হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে।

গত রোববার (২৮ আগস্ট) খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো পর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে কিছু পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। আর কিছু পরীক্ষার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। সেগুলো পাওয়ার পর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা পর্যালোচনা করে হার্টে রিং বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

যদিও খালেদা জিয়ার হার্টে এখন দুটি ব্লক ধরা পড়েছে, তবু শারীরিক অবস্থা বিবেচনায় আপাতত একটিতে রিং বসানোর পরিকল্পনা আছে চিকিৎসকদের।

খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, আমি ম্যাডামকে দেখতে গিয়েছিলাম, তার শারীরিক অবস্থা খুব বেশি ভালো নয়। চিকিৎসা চলছে। দোয়া করবেন।

হার্টে রিং বসানো প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে চিকিৎসকরা চিন্তা ভাবনা করছেন। আগে একটি ব্লকে রিং বসানো হয়েছে। এখন আরও দুটি ব্লক ধরা পড়েছে। সেগুলোতে রিং বসানোর বিষয়ে চিন্তা-ভাবনা চলছে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া হৃৎপিণ্ডের রক্তনালীতে ব্লক, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

গত বছর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ এবং লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথা জানান চিকিৎসকরা।

উন্নত চিকিৎসার দাবি করে খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর জন্য কয়েক দফা আবেদন করেন তার ভাই শামীম এস্কান্দার। কিন্তু সাময়িক মুক্তির শর্তে এ সুযোগ নেই উল্লেখ করে প্রতিবারই তা নাকচ করেছে সরকার।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন