মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

ধান ক্ষেতে মিলল অটোভ্যান চালকের লাশ

গেজেট ডেস্ক

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এক অটোভ্যান চালককে খুন করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২৯ আগস্ট) দুপুরে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকালে উপজেলার করমজি-গুনাহার সড়কের পাশের ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের ধারণা ভ্যান গাড়িতে থাকা ৪টি ব্যাটারি ছিনতাই করতেই দুর্বৃত্তরা তাকে খুন করে।

নিহত ব্যক্তি চামরুল ইউনিয়নের ঘাট মাগুড়া গ্রামের মৃত মইন ফকিরের ছেলে হারুন ফকির (৪৫)। তিনি ইসলামপুর বড়বাড়িয়া গ্রামে তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

পুলিশ জানায়, হারুন ফকির রোববার (২৮ আগস্ট) বিকেল ৫টার পর অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। পরে রাতে বাড়ি ফেরেননি তিনি। এদিকে আজ সোমবার (২৯ আগস্ট) সকালে ধান ক্ষেত তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ সময় পুলিশে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে আশপাশে তল্লাশি কালে পাশের এক জঙ্গলে তার ভ্যান গাড়িটি পাওয়া যায়। তবে ভ্যানে থাকা চারটি ব্যাটারি পাওয়া যায়নি।

এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের দুই পায়ের রগ কাটা, মাথা ও পিঠে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হারুন ফকিরকে হত্যা করে তার ভ্যানের ব্যাটারি খুলে নিয়ে পালিয়ে গেছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খুনের সঙ্গে জড়িত দুর্বৃত্তদের সনাক্ত করে গ্রেপ্তারের জন্য তৎপরতা চালানো হচ্ছে।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন