মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

ঘরে দম্পতির মরদেহ, সন্তানসহ হাসপাতালে ৩

গেজেট ডেস্ক

ঝালকাঠির রাজাপুরে ঘরের জানালা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে দম্পতির ছেলেসহ তিনজনকে। এসি থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

শনিবার দুপুরে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের দক্ষিণ তারাবুনিয়া (চান্দেরবাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের রাজাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: মাসুদ রানা।

মৃতরা হলেন ৫৫ বছরের মো: ফোরকান হাওলাদার এবং স্ত্রী ৪৫ বছরের মাহিনুর বেগম। তাদের মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বড়ভাই সেলিম হাওলাদার জানান, শনিবার বেলা বাড়ার পর ওই ঘরের লোকজনের কোনো সাড়াশব্দ না পেয়ে আমরা দরজা নক করি। ভেতরে কারো আওয়াজ না পেয়ে জানালার গ্লাস ভেঙে ঘরে ঢুকে দেখি রুমে তাদের মরদেহ পড়ে আছে। আর পাশের রুমে এক শিশুসহ তিনজন ঝিমুচ্ছে। তখন আমরা পুলিশে খবর দেই।

শনিবার (২০ আগস্ট) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

পরে দুপুর দেড়টার দিকে অসুস্থ তিনজনকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। ঘণ্টাখানেক পর স্বজনরা উন্নত চিকিৎসার কথা বলে তিনজনকেই বরিশাল নিয়ে যায়। তারা হলেন, ফোরকান-মাহিনুর দম্পতির ছেলে মাঈনুল, ফোরকানের ভাইয়ের বউ মাহফুজা আক্তার এবং ভাইজি সারা মনি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আমির সোহেল বলেন, তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা ভালো। কিন্তু রোগীর স্বজনরা এসে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কথা বলে তাদের নিয়ে গেছে। তাদেরকে আমরা কোনো হাসপাতালে রেফার করিনি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন