মঙ্গলবার । ২৮শে এপ্রিল, ২০২৬ । ১৫ই বৈশাখ, ১৪৩৩

তুরাগে রিকশা গ্যারেজে বিস্ফোরণ : আরও একজন নিহত

গেজেট ডেস্ক

রাজধানীর তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে দগ্ধ মো. মিজান (৩৫) নামে আরও একজন মারা গেছেন। রোববার (৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ১টার দিকে শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় চার জনের মৃত্যু হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি বলেন, তুরাগ এলাকা থেকে রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ হয়ে আট জন আমাদের এখানে এসেছিল। তাদের মধ্যে মো. মিজান রাত পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

এ ঘটনায় এখনও চার জন চিকিৎসাধীন আছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের চিকিৎসা চলছে বলেও জানান আবাসিক সার্জন। এর আগে আলম, গ্যারেজ মালিক কাজী মাজহারুল ইসলাম ও নূর হোসেন মারা যান।

শনিবার (৬ আগস্ট) দুপুরে তুরাগ থানার রাজাবাড়ী এলাকায় রিকশার গ্যারেজে কেমিক্যাল বিস্ফোরণে আটজন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মো. মাছুম (৩৫), মো. আল আমিন (৩০), মো. শাহীন (২৫) ও শফিকুল ইসলাম (৩২)।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন