ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

গে‌জেট ডেস্ক

নীলফামারীতে মোটরসাইকেল ফ্যাক্টরিতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় দুজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট বাজারে রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্বপন রায় ও তার স্ত্রী সুমি রায়। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নে। তারা উত্তরা ইপিজেডের সনিক ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তিন শ্রমিক মোটরসাইকেলে বাড়ি থেকে ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। কাজীরহাট বাজারে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। আহত হন সতিশ নামের আরেক শ্রমিক।

নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী বলেন, ‘মরদেহ দুটি ঘটনাস্থলেই আছে। থানায় নেয়ার পর আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ধাক্কা দেয়ার পর ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা যায়নি।’

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন