রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

৬ দিনের সফরে মালদ্বীপ গেলেন প্রধানমন্ত্রী

গেজেট ডেস্ক

৬ দিনের সরকারি সফরে মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বেলা সোয়া ১২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন এ তথ্য জানিয়েছেন।

মালদ্বীপের স্থানীয় সময় বিকাল ৩টায় মালের বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহর আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এ সফরে ২৩ ডিসেম্বর দুই দেশের মধ্যে দুটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।

এগুলো হচ্ছে- দ্বৈত কর পরিহার এবং বন্দী বিনিময় বিষয়ে দুটি চুক্তি এবং স্বাস্থ্য সেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) ও দুদেশের যুব ও ক্রীড়া ক্ষেত্রের উন্নয়নে সহযোগিতা বিষয়ে দুটি সমঝোতা স্মারক।

এছাড়া বাংলাদেশ থেকে মালদ্বীপে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের চুক্তিও নবায়ন করা হবে। দক্ষিণ এশিয়ার দেশ দুটির মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ মালদ্বীপকে ১৩টি সামরিক বাহন উপহার দেবে।

২৩ ডিসেম্বর দিনের প্রথম ভাগে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অব অনার দেওয়া হবে।

পরে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তার প্রাসাদে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে তাদের উপস্থিতিতে দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা চুক্তিতে স্বাক্ষর করবেন। পরে দুই নেতা যৌথ বিবৃতি দেবেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন