টয়লেট ব্যবহার নিয়ে বাকবিতন্ডা, গৃহবধূকে কুপিয়ে হত্যা

নোয়াখালী প্রতি‌নি‌ধি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে তুচ্ছ ঘটনার জের ধরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শেফালী বেগম (২৮) উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের মো.ইউসুফের স্ত্রী। বুধবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়ন থেকে হত্যাকারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আবুল কালাম (৫০) উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের মৃত নবাব হোসেনের ছেলে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৯ নভেম্বর সকাল ৭টার দিকে উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ণ প্রকল্পের শেফালী বেগমের (২৮) সাথে একই আশ্রয়ণ কেন্দ্রের মো. আবুল কালামের (৫০) সাথে গাছ কাটা ও টয়লেট ব্যবহার নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় আবুল কালাম দা দিয়ে শেফালী বেগমকে পেটে ও বাম হাতে কুপিয়ে গুরুতর জখম করে। পরবর্তীতে শেফালী বেগমকে গুরুত্বর আহত অবস্থায় নোয়াখালী প্রাইম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে শেফালী বেগম মারা যায়।

ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার পর হত্যাকারী আবুল কালাম গা ঢাকা দেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে আসামির স্বীকারোক্তিতে দেওয়া তথ্যে হত্যাকান্ডে ব্যবহৃত দা জব্দ করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আগামিকাল বৃহস্পতিবার সকালে আসামিকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন