রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

কানাইঘাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

গেজেট ডেস্ক

সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। আজ বুধবার (৩ নভেম্বর) দুপুরের দিকে ডোনা সীমান্তের ৩১ নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটেছে।

গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম।

নিহত দুজন হলেন আসকর আলী ওরফে আছই (২৫) ও আরিফ মিয়া (২২)। তাদের বাড়ি কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামে।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, নিহত ব্যক্তিদের পরিবারের মাধ্যমে বিষয়টি জেনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ফাঁড়িকে জানানো হয়েছে। দুই বাংলাদেশির মরদেহ ভারত সীমান্তের ওপারে রয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জানা গেছে, কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ গ্রামের নকিব আলীর ছেলে আসকর ও হান্নান মিয়ার ছেলে আরিফ বেলা ১১টার দিকে ডোনা সীমান্ত এলাকার ৩১ নম্বর মেইন পিলারের আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। ওই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দুজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তবে লক্ষ্মীপ্রসাদ গ্রামের কয়েক বাসিন্দা জানান, আসকর ও আরিফ মঙ্গলবার রাতে ডোনা সীমান্ত এলাকায় গিয়ে আর ফেরেননি। বুধবার সকালে কিছু লোক তাদের জানিয়েছেন, ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুজন নিহত হয়েছেন। লাশ বিএসএফের কাছে আছে।

ডোনা সীমান্ত বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধীন। তারা জানিয়েছে, নিহত দুজনের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের প্রস্তুতি নিয়েছে।

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন