দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় গুলাব, সতর্ক সং‌কেত প্রত্যাহার

গেজেট ডেস্ক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় গুলাব ভারতের অন্ধ্র প্রদেশ এবং প্রতিবেশি ওড়িশার উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে রোববার সন্ধ্যার দিকে। এরপর আজ সকালে সেটি দুর্বল হয়ে গভীর নিম্নচাপ হিসাবে উত্তর অন্ধ্র প্রদেশ এবং তৎসংলগ্ন দক্ষিণ ওড়িশায় অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছে সাগর খুবই উত্তাল রয়েছে জানিয়ে গতকাল যে সতর্ক সংকেত জারি করেছিল বাংলাদেশের আবহাওয়া অধিদফতর সেটিও আজ তুলে নিতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড় গুলাবকেন্দ্রীক আবহাওয়ার ছয় নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, গতকাল মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ ওড়িশা উপকূল অতিক্রম করে গভীর নিম্নচাপ হিসাবে উত্তর অন্ধ্র প্রদেশ এবং তৎসংলগ্ন দক্ষিণ ওড়িশায় অবস্থান করছে। এটা আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে।

তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ বিকেল পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এই ঘূর্ণিঝড়ের বিষয়ে নতুন আর কোনো আবহাওয়া বুলেটিন প্রকাশ করা হবে না বলেও জানানো হয়েছে ওই বিশেষ বিজ্ঞপ্তিতে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন