বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শাহজালাল বিমানবন্দরে কোটি টাকার সোনাসহ দুবাইফেরত যাত্রী আটক

গেজেট ডেস্ক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর দেহে বিশেষ পদ্ধতিতে লুকানো ১ কেজি ১০ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টসম হাউজ।দুবাই ফেরত ওই বিমানযাত্রীর নাম আনোয়ার হোসেন। শুক্রবার দিবাগত রাত ওই যাত্রীকে আটক করা হয়। ওই যাত্রীর কাছে থাকা ব্যাগে পাওয়া গেছে আরও চারটি সোনার বারও এবং ১১০ গ্রাম সোনার অলংকার।

মোট ১ কেজি ৫৮৪ গ্রাম সোনাসহ ওই যাত্রীকে আটকের ব্যাপারে কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৪ ফ্লাইটে দুবাই থেকে আসে আনোয়ার হোসেন নামে ওই যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক ফাঁকি রোধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম সদস্যরা বিমানবন্দরে অবস্থান নেয়। সন্দেহজনক হওয়ায় ওই যাত্রীকে অনুসরণ ও পরে আটক করা হয়। তার কাছে থাকা ব্যাগ থেকে সোনার বার ও অলংকার পাওয়ার পর তার মলদ্বারে বিশেষ পদ্ধতিতে লুকানো ১০১০ গ্রাম সোনা পাওয়া যায়।

আনোয়ার হোসেনের কাছে মোট যে পরিমাণ সোনা ছিল তার বাজারমূল্য প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করে তাকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন