মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

রাজধানীতে র‍্যাবের অভিযানে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, জেএমবি নেতা আটক

গেজেট ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুরের বসিলার এক বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক নেতাকে আটকের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গোপন সংবাদ পেয়ে বুধবার রাত থেকে বাসা ঘিরে রেখে বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারকে আটক করা হয়।

আটক ব্যক্তি জেএমবি নেতা ও ময়মনসিংহে সম্প্রতি ডাকাতি পরিকল্পনার হোতা বলে জানান র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, আটক জঙ্গিকে র‍্যাব সদর দপ্তরে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপরই জানা যাবে তিনি জেএমবির কোন পর্যায়ের নেতা।

খন্দকার আল মঈন জানান, অভিযানে পিস্তল, গুলি, পৌনে তিন লাখ টাকা, রাসায়নিক দ্রব্য, দেশীয় পদ্ধতিতে তৈরি বুলেট প্রুফ জ্যাকেট ও বেশ কিছু উগ্রবাদী বই জব্দ করা হয়।

অভিযান শেষে ব্রিফিংয়ে র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ‘প্রিন্টিং প্রেসে কাজ করার কথা বলে বাসাটি ভাড়া নেন উজ্জ্বল মাস্টার। ভাড়া নেয়ার সময় ৫ হাজার টাকা অগ্রিম দেন। পরে পরিবার নিয়ে আসবে এবং তখন পরিচয়পত্র দেয়ার কথা জানান ওই জঙ্গি।’

তিনি বলেন, ৪ সেপ্টেম্বর ময়মনসিংহ থেকে গ্রেপ্তার জেএমবির ৪ সদস্যকে জিজ্ঞাসাবাদ করে বসিলার এই জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যায়। তাদের দেয়া তথ্যে র‍্যাব ঢাকার বাইরে জামালপুর, রাজশাহীসহ বিভিন্ন জায়গায় অভিযান চালায় বলেও জানান তিনি।

র‍্যাবের ওই কর্মকর্তা বলেন, ‘বাসার দারোয়ান ও আটক জঙ্গিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে (উজ্জ্বল) চলতি মাসের ২ তারিখে ভবনটির দোতলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন। বাসায় আরও দুইজন লোকের আসা-যাওয়া ছিল। তারা গতকাল বাসাটি থেকে বের হয়ে যায়।’

 

খুলনা গেজেট/কেএম/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন