বুধবার । ২৭শে মে, ২০২৬ । ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

পদ্মা সেতুর পিলারের সঙ্গে ধাক্কায় ফেরির মাস্টার বরখাস্ত, তদন্তে কমিটি

গেজেট ডেস্ক

পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের রো রো ফেরি শাহজালালের ২০ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে শুক্রবার সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিআইডব্লিউটিসি আজ এ সংক্রান্ত আদেশ জারি করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে মাধারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ফেরি নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় কোনো বিপদ হয়নি।

এদিকে নির্মাণাধীন পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরির ধাক্কা লাগার ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। আগামী তিন দিনের মধ্যে তদন্তের রিপোর্ট প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

এই রুটে এখন ১২টি ফেরি চলাচল করছে বলে জানা গেছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন