মঙ্গলবার । ২১শে এপ্রিল, ২০২৬ । ৮ই বৈশাখ, ১৪৩৩

বিধি-নিষেধ বাড়ল ৩০ মে পর্যন্ত, গণপরিবহন চলবে

গেজেট ডেস্ক

করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২৩ মে মধ্য রাত থেকে ৩০ মে পর্যন্ত চলমান লকডাউন থাকবে। তবে এ সময় আন্তঃজেলার বাস আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষতির এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান করোনাভাইরাসজনিত পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন কিছু শর্তে ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো।

এছাড়া আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। তবে অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান এবং সবধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে। হোটেল-রেস্তোরাঁ ও খাবার দোকাগুলো আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা দিতে পারবে।

উল্লেখ্য, গত মাসের শুরুতে করোনার সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় সারা দেশে কঠোর বিধিনিষেধ আরোপ করে সরকার। ৫ এপ্রিল শুরু হওয়া এই বিধিনিষেধ দফায় দফায় বাড়ানো হয়। তবে মানুষের জীবিকার তাগিদে কিছু শর্ত শিথিল করা হয়েছে। খুলে দেয়া হয়েছে দোকান, মার্কেট, শপিং মল। স্বাস্থ্যবিধি মেনে রাজধানীসহ জেলা শহরগুলোতে চলাচলের অনুমতি দেয়া হয়েছে গণপরিবহনগুলোকে।।

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন