মণিপুরে আরও ৬ মাস মেয়াদ বাড়লো বিশেষ সসামরিক আইন ‘আফস্পা’-র

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

ভারতের মণিপুর রাজ্যে ‘আর্ম. ফোর্সেস স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট বা ‘আফস্পা’-র মেয়াদ বাড়লো আরো ৬ মাস। আগামী ৬ মাসও গণ্য ‘উপদ্রুত এলাকা’ হিসেবেই।

উত্তর-পূর্বাঞ্চলের ৮০ শতাংশেরও বেশি এলাকা এখন ‘আফস্পা’র আওতামুক্ত বলেই জানাচ্ছে কেন্দ্র।

তিন বছর পেরিয়ে গেলেও হিংসার আগুন নিভছেই না মণিপুরে। এই পরিস্থিতিতে সেখানে ‘আফস্পা’র মেয়াদ বৃদ্ধি করল স্বরাষ্ট্র মন্ত্রক। অর্থাৎ আরও ৬ মাসের জন্য ‘উপদ্রুত এলাকা’ হিসেবেই গণ্য করা হবে মণিপুরের বহু অঞ্চলকে। পাশাপাশি অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের কিছু অংশেও থাকবে ‘আফস্পা’ নামক এই বিশেষ সামরিক আইন।

প্রসঙ্গত, ২০২৩ সাল থেকে উত্তপ্ত উত্তর-পূর্বের রাজ্য মণিপুর। হিংসার জেরে এই এলাকায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। দফায় দফায় হামলা হয়েছে নিরাপত্তাবাহিনীর উপরেও। গত মাসে বিদ্রোহীদের হামলায় অসম রাইফেলসের দুই জওয়ানের মৃত্যু হয়। কুকি-মেতেই সংঘর্ষে দফায় দফায় আগুন জ্বলেছে মণিপুরের একের পর এক জেলায়। ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে কাংপোকপি, সেনাপতি জেলা অন্যতম। ২০২৩ সাল থেকেই মণিপুরে ওই আইন জারি করা হয়েছে। বারবার বাড়ানো হচ্ছে মেয়াদ। এখনও ফেরেনি শান্তি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) কেন্দ্রের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের ৮০ শতাংশেরও বেশি এলাকা এখন ‘আফস্পা’র আওতামুক্ত। এই এলাকাগুলোতে সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদানকারী আইনটির বর্তমান মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

উল্লেখ্য, অসমের ক্ষেত্রে ২০১৭ সাল থেকে কেন্দ্রীয় সরকারের পরিবর্তে রাজ্য সরকারই পর্যায়ক্রমে ‘উপদ্রুত এলাকা’ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে এসেছে। সেখানেও এই মেয়াদ সেপ্টেম্বরেই ফুরিয়ে যাচ্ছে। শেষ পাওয়া খবর পর্যন্ত আইনটি তারপরও বলবৎ রাখা নিয়ে কোনও রকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি। বলে রাখা ভালো, মণিপুরের পাঁচটি জেলার ১৩টি থানার আওতাধীন এলাকাও কিন্তু এর বাইরে রয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন