কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন বাঁধন

বিনোদন ডেস্ক

ভেনিসের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর একা হয়ে যাননি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বরং দেশ-বিদেশের মানুষের ভালোবাসা, সমর্থন ও সহমর্মিতা তাকে নতুন করে আবেগাপ্লুত করেছে। কঠিন সময়ে পাশে থাকা প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবার সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন বাঁধন। কঠিন সময় পার করতে গিয়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। বাঁধন লেখেন, “আল্লাহ আমার প্রতি অনেক কৃপা করেছেন। আলহামদুলিল্লাহ।”

ভেনিসের ঘটনার পর বাংলাদেশ ও ইতালি সরকারের কাছ থেকে পাওয়া সহযোগিতার কথাও আলাদাভাবে উল্লেখ করেছেন অভিনেত্রী। তিনি লেখেন, “বাংলাদেশ সরকার এবং ইতালি সরকারের কাছ থেকে যে সমর্থন ও উৎসাহ আমি পেয়েছি, তার জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। পুরো যাত্রাপথে যারা আমার পাশে ছিলেন এবং আমাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।”

শুধু সরকারি সহযোগিতাই নয়, সাধারণ মানুষের প্রতিক্রিয়াও ছুঁয়ে গেছে বাঁধনকে। দেশে-বিদেশে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা এবং ইতিবাচক সাড়া তাকে আবেগাপ্লুত করেছে। এমন পরিস্থিতিতে তাদের কাছ থেকে পাওয়া সমর্থনকে নিজের জন্য বড় প্রাপ্তি হিসেবে দেখছেন তিনি।

সবশেষে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন বাঁধন। তার ভাষায়, ‘দয়া করে আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।”

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে সম্প্রতি ইতালির ভেনিসে যান আজমেরী হক বাঁধন। সেখানে অনাকাঙ্ক্ষিত হামলা ও হেনস্থার শিকার হন তিনি। ঘটনার পর বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় প্রশাসন তার পাশে দাঁড়ায়। পাশাপাশি দেশে-বিদেশে অসংখ্য মানুষ এ ঘটনার প্রতিবাদ জানান এবং বাঁধনের প্রতি সমর্থন ও ভালোবাসা প্রকাশ করেন।

সম্প্রতি তার সঙ্গে হওয়া ঘটনার ধাক্কা সামলে বাঁধনের সাম্প্রতিক বার্তায় তাই উঠে এসেছে অভিযোগ বা ক্ষোভের চেয়ে কৃতজ্ঞতার সুর।পাশে থাকা মানুষগুলোর প্রতি তার এই কৃতজ্ঞতাই যেন কঠিন সময়ের মধ্যেও নতুন করে সাহস জোগাচ্ছে তাকে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন