বিবাহ বিচ্ছেদ হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই

বিনোদন ডেস্ক

টলিউডের নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও বাংলাদেশি অভিনেত্রী মিথিলার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা রয়েছে। এবার সরাসরি কারও নাম না নিয়েও নিজের জীবনে ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাবের কথা জানালেন সৃজিত। তার এই মন্তব্য নতুন করে মিথিলার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার জল্পনা উসকে দিয়েছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের অতীত সম্পর্ক, সাবেকদের সঙ্গে বর্তমান যোগাযোগ এবং একাকিত্ব নিয়ে খোলামেলা কথা বলেন সৃজিত। সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে সৃজিত সরাসরি জানান, জীবনের এই বয়সে এসে তিনি স্থায়ী সঙ্গীর অভাব বোধ করেন।

সৃজিত ও মিথিলার বিয়ের পর প্রায় ছয় বছর কেটে গেছে। তবে সেভাবে গুছিয়ে সংসার কোনোদিনই করেননি দুজনে। গত তিন বছরে একাধিকবার তাদের বিচ্ছেদের বিষয়টি আলোচনায় এসেছে। এবার সাক্ষাৎকারে সরাসরি মিথিলার প্রসঙ্গ না উঠলেও নিজের জীবনে কোনো ‘স্থায়ী সঙ্গী নেই’ এমন মন্তব্য করেছেন নির্মাতা।

ফলে সৃজিতের এই বক্তব্যের পর নতুন করে প্রশ্ন উঠেছে, তবে কি তাদের সম্পর্ক আগেই ভেঙে গেছে? যদিও এ বিষয়ে সরাসরি কিছু বলেননি নির্মাতা। তার মন্তব্যকে ঘিরেই অনুগামীদের মধ্যে মিথিলার সঙ্গে তার সম্পর্কের চিড় বা পরোক্ষ বিচ্ছেদের জল্পনা তৈরি হয়েছে।

এদিকে সাক্ষাৎকারে সাবেক প্রেমিকাদের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ থাকার কথা জানান সৃজিত। স্বস্তিকা মুখোপাধ্যায় কিংবা ঋতাভরী চক্রবর্তীর মতো সাবেকদের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও তাদের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে বলে জানান তিনি।

সুস্মিতা চট্টোপাধ্যায়ের প্রসঙ্গেও কথা বলেন সৃজিত। তিনি জানান, একটা সময় সুস্মিতা তার খুব ঘনিষ্ঠ ছিলেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল কি না এমন প্রশ্নের জবাবে সৃজিত বলেন, সব সম্পর্কের লেবেল হয় না। ও আমার খুব ঘনিষ্ঠ ছিল, আমরা এক্সট্রিমলি ক্লোজ ছিলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঘনিষ্ঠতা মুছে গিয়েছে, এখন আর আমরা অতটা ক্লোজ নই। তবে একে অপরের শুভাকাঙ্ক্ষী। এরপর সৃজিত আরও বলেন, আসলে জীবন একটা জার্নি, অনেকে ট্রেন থেকে কয়েকটা স্টেশন পর নেমে যায়। সুস্মিতাও নেমে গিয়েছে, হয়তো অন্য কোনও ট্রেন ধরেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন