খুলনা বিভাগে হাম উপসর্গ ও ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগে নতুন করে ডেঙ্গু ও হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঝিনাইদহে সন্দেহজনক হামে একজন এবং যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন মারা যান। সোমবার (৭ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে নতুন করে ২৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২০৩ জন এবং বেসরকারি হাসপাতালে ৩২ জন চিকিৎসা নিচ্ছেন। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্ত পাওয়া গেছে খুলনায় ৮৮ জন ও বাগেরহাটে ৪৪ জন। একই সময়ে যশোরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৪১৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৩৪৭ জন। বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে ৮৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত বিভাগে মোট ২২ জন ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন, যার মধ্যে সর্বোচ্চ ১৮ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া খুলনা জেলার বিভিন্ন হাসপাতালে ২ জন, বাগেরহাট ও যশোরে একজন করে মারা গেছেন।

এদিকে বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৯ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে ১ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। তবে একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৮ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ৭ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিভাগে মোট সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ১০,৭৬০ জন। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ৩৬৯ জন। এ পর্যন্ত বিভাগে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে- যার মধ্যে সর্বোচ্চ খুলনা জেলায় ২০ জন এবং কুষ্টিয়ায় ১৩ জন। এছাড়া ঝিনাইদহে তিনজন, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে একজন করে মারা গেছে।

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন