গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রাব্বি বিশ্বাস (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার (৩০ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের বারাইল গ্রামে মধুমতি নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশু রাব্বি বিশ্বাস নড়াইল সদর উপজেলার বাঁকা গ্রামের জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে ও বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
ওসি মো. আমিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাবা-মায়ের সাথে হরিদাসপুরে মামা নূরে আলম খানের বাড়িতে বেড়াতে আসে রাব্বি। শনিবার (২৯ আগষ্ট) দুপুরে সদর উপজেলার হরিদাসপুর এলাকায় একই বয়সী প্রতিবেশী মেহেরাবের সঙ্গে মধুমতি নদীতে গোসল করতে নামে রাব্বি। গোসলের একপর্যায়ে নদীর স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। পরে খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালেও ডুবুরি না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করতে পারেনি।
পরে আজ রবিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর ইউনিয়নের বারাইল গ্রামের মধুমতি নদীতে ওই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিখোঁজ শিশুর মামাতো ভাই মো. আশিক বলেন, আমার ফুফাতো ভাই রাব্বি আমাদের বাড়িতে অন্য বাচ্চাদের সঙ্গে খেলা করছিল। হঠাৎ সে কাউকে না জানিয়ে অন্য আরেক শিশুর সঙ্গে নদীতে গোসল করতে যায়। সে সাঁতার না জানায় হঠাৎ করে নিখোঁজ হয়েছে। পরে আজ দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।
খুলনা গেজেট/এনএম

