যশোরে শিক্ষক ছেলের হাতে মা খুন

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে মাকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার বড় ছেলে শিক্ষক মামুন। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারী আনোয়ারা বেগম (৫৮) ওই গ্রামের আলতাফ মাস্টারের স্ত্রী। অভিযুক্ত মামুন তার বড় ছেলে। তিনি লাউজানি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক।

স্থানীয়রা জানান, পারিবারিক গোলযোগকে কেন্দ্র করে এদিন বিকেলে মা-ছেলের সাথে বিতর্ক শুরু হয়। একপর্যায়ে মামুন তার মাকে বটি দিয়ে গলায় আঘাত করেন। এতে তার মায়ের গলা কেটে তিনি ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা জানান, এমন ঘটনা তারা আগে কখনো দেখেননি। এলাকাবাসী তাদের বাড়িতে গিয়ে ভিড় করে।

খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে পুলিশ অভিযুক্ত ছেলে মামুনকে আটক করে। এ হত্যার ঘটনার কারণ ও তার সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় অভিযুক্ত ছেলে মামুনকে আটক করা হয়েছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে এবং ঘটনার সময় প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন