দ্বিতীয় বর্ষে খুলনা গেজেট

নিজস্ব প্রতিবেদক

সাহস, বস্তুনিষ্ঠতা আর পাঠকদের অকৃত্রিম ভালোবাসা সম্বল করে সফলতার সাথে প্রথম বছর পার করে দ্বিতীয় বর্ষে পদার্পণ করছে দক্ষিণ জনপদের সর্বকনিষ্ঠ ‘দৈনিক খুলনা গেজেট’। এক বছর সময়টা খুব বেশি নয়। একটি সংবাদপত্র শুধু সংবাদের কাগজে সীমাবদ্ধ থাকে না; তা হয়ে ওঠে কোনো অঞ্চলের মানুষের আশা-আকাক্সক্ষা, আনন্দ-বেদনা এবং নাগরিক অধিকার আদায়ের মুখপত্র। প্রথম বর্ষের পথচলায় খুলনা গেজেট সেই দায়িত্বটি নিষ্ঠার সাথেই পালন করার চেষ্টা করেছে।

এ সময়ে দেশ-বিদেশে নানা উত্থান-পতন হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দেশের অর্থনীতিতে প্রভাব পড়ে। বিশ্বব্যাপী পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। খাদ্য শস্য, সার এবং জ্বালানি তেলের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। বর্ষা মৌসুমের পূর্ব থেকে অস্বাভাবিক বৃষ্টিপাতের ফলে জনজীবনকে অতিষ্ঠ করে তোলে। কৃষি অর্থনীতিতে প্রভাব পড়ে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশার চিত্র আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি।

ডিজিটাল প্ল্যাটফর্মে দ্রুততম সময়ে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার মাধ্যমে পাঠকদের যে আস্থা অর্জিত হয়েছিল, তা প্রিন্ট সংস্করণে এসে আরও পরিপক্ব ও সুদৃঢ় রূপ নিয়েছে। খুলনা অঞ্চলসহ সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় সংকট, অর্থনৈতিক উন্নয়ন, জনদুর্ভোগ, শিক্ষা-সংস্কৃতি এবং ক্রীড়াঙ্গনের খবর নিরপেক্ষভাবে তুলে ধরাই ছিল আমাদের মূল অগ্রাধিকার। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে গিয়ে আমরা সবসময় তথ্যের সত্যতা ও নিরপেক্ষতাকে প্রাধান্য দিয়েছি।

খুলনা নগরীতে জলাবদ্ধতা, নয়া প্রশাসকের কর্মব্যস্ততা, বিলডাকাতিয়ার মানুষের দুর্ভোগ ও ভদ্রা নদী খননে ১৪০ পরিবারের দুরবস্থার চিত্র জাতির কাছে আমরা তুলে ধরেছি। জাতীয় নির্বাচন, নতুন সরকার গঠন, রাষ্ট্রপতি নির্বাচন, লোডশেডিং, হাম-টাইফয়েডে শিশু মৃত্যু, ডেঙ্গু, মব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাবেক প্রধানমন্ত্রীর শাস্তি, খুলনায় ধারাবাহিক খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ফ্যামিলি কার্ড সংক্রান্ত নানা সংবাদ পরিবেশনে খুলনা গেজেট ছিল আন্তরিক। বিশেষ করে রান্নার জন্য গ্যাস ও বিদ্যুতের দফায় দফায় মূল্য বৃদ্ধিতে জনজীবনে যে নেতিবাচক প্রভাব পড়েছে, বিষয়টি আমরা তুলে ধরেছি। জ্বালানি সংকটের সময় মোটরসাইকেল চালকদের ডিপোর সামনে দীর্ঘ লাইনের ছবি পাঠকদের আকর্ষণ করে। বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও রসায়ন বিজ্ঞানী স্যার পিসি রায়ের বর্ণাঢ্য জীবন আজকের প্রজন্মের কাছে তুলে ধরা হয়। ধারাবাহিক উপ-সম্পাদকীয়, শনিবারের সাহিত্য পাতা, চব্বিশের গণ-অভ্যুত্থানের নানা প্রেক্ষাপট এবং শহিদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে। মাদক, অপরাধজগৎ ও বিচারে নানা অপরাধীদের শাস্তির বিষয়টি অন্যান্যদের তুলনায় আগেই পাঠকের পৌঁছেছে।

গণমাধ্যমের এ প্রতিযোগিতায় আমরা পিছিয়ে নেই, পাঠকের মন জয়ের উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তরুণ সাংবাদিকদের লেখনী খুলনা গেজেটকে সমৃদ্ধ করেছে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের ডে মিলে অনিয়মের সংবাদটি সকল মহলের দৃষ্টি কেড়েছে। সরকারি বিজ্ঞাপনের জন্য তালিকাভুক্ত না হলেও কোনো সংকট সমস্যা আমাদের স্পর্শ করতে পারেনি। আগামী দিনগুলোতে জাতির সংকটময় মুহূর্তে দিক নির্দেশনা দিয়ে খুলনা গেজেট ইতিবাচক ভূমিকা রাখবে। আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের প্রতিশ্রুতি, গণমানুষের স্বার্থ রক্ষা থেকে আমরা পিছ পা হব না। আমাদের লেখনী সোচ্চার থাকবে। কোনো অপশক্তি আমাদের পরাস্থ করতে পারবে না।

সংবাদপত্রের এই দীর্ঘ ও চ্যালেঞ্জিং যাত্রায় সবচেয়ে বড় চালিকাশক্তি আমাদের প্রিয় পাঠক, কলামিস্ট, বিজ্ঞাপনদাতা, পরিবেশক, পত্রিকা বিক্রেতা ও শুভানুধ্যায়ীরা। আপনাদের নিরবচ্ছিন্ন সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না। অপতথ্য ও গুজবের যুগে দায়িত্বশীল সাংবাদিকতার যে চ্যালেঞ্জ রয়েছে, দ্বিতীয় বর্ষে পা রেখে আমরা সেই নীতিতে আরও অনড় থাকার অঙ্গীকার করছি।

আগামী দিনেও ‘দৈনিক খুলনা গেজেট’ গণমানুষের কণ্ঠস্বর হয়ে, সত্যের পক্ষে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইতিবাচক পরিবর্তনের সহযোগী হয়ে নিরলস কাজ করে যাবে। দ্বিতীয় বর্ষারম্ভের এই মাহেন্দ্রক্ষণে আমাদের সকল পাঠক ও সহযোদ্ধাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন