খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক) ভর্তি পরীক্ষা আগামী ৮ জানুয়ারি ২০২৭ সালে অনুষ্ঠিত হবে। একই সাথে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীদের যাতায়াত ও আবাসনসংক্রান্ত ভোগান্তি কমাতে এবার খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিনটি বিভাগীয় শহরের কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রের জানা যায়, গত মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১১৮তম বিশেষ সভায় স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি-সংক্রান্ত আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষাটি এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং সুষ্ঠুভাবে কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ইতোমধ্যে একটি ভর্তি পরীক্ষা কমিটি গঠন করা হয়েছে।
কুয়েট কর্তৃপক্ষের এ যুগান্তকারী সিদ্ধান্তের ফলে দেশের বিভিন্ন অঞ্চলের যোগ্য শিক্ষার্থীরা নিজ নিজ এলাকা থেকে তুলনামূলক নিকটবর্তী কেন্দ্রে সহজে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। যাতায়াত ও আবাসন ভোগান্তি কমায় এই ভর্তি প্রক্রিয়া আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব হবে বলে আশা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বিস্তারিত সময়সূচি, আসনবিন্যাস ও নির্দেশনাবলি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে।
খুলনা গেজেট/এএজে

