তিউনিশিয়া উপকূল থেকে ১২ অভিবাসীর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় উপকূল থেকে অন্তত ১২ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবির পর হতাহতের ওই ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে দেশটির ন্যাশনাল গার্ড।

তিউনিশিয়ার ন্যাশনাল গার্ড বলেছে, ১৫ জন অভিবাসী নিয়ে ওই নৌকাটি শুক্রবার রাতে তিউনিশিয়ার উপকূল থেকে যাত্রা করে। যাত্রার পর দেশটির জারজিস উপকূল থেকে ১৫ নটিক্যাল মাইল দূরে সমুদ্র সেটি ডুবে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযানে যায় ন্যাশনাল গার্ড। প্রথমে তিনজনের মৃতদেহ উদ্ধারের পর আরো ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নিখোঁজ দুজনের সন্ধানে অভিযান চলছে বলে সংস্থাটি জানিয়েছে।

অভিবাসীদের ১৪ জন লিবিয়ার বেন গুয়ের্দানে শহরের বাসিন্দা। নৌকাডুবির পর শহরটিতে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বাসিন্দারা। এসময় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে নৌকাডুবির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। ইউরোপের দেশ ইতালির লাম্পেদুসা থেকে ১৪৫ কিলোমিটার দূরে আফ্রিকার দেশ তিউনিশিয়া থেকে প্রতিনিয়ত হাজার হাজার অভিবাসী নৌকায় চড়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। আন্তর্জাতিক অভিবাসী সংস্থার (আইওএম) তথ্য বলছে, মধ্য-ভূমধ্যাসাগরের এই পথ বিশ্বে অভিবাসীদের জন্য ভয়ঙ্কর যাত্রাপথ।

আইওএম বলছে, চলতি বছরের প্রথম চার মাসে মধ্য-ভূমধ্যসাগরের এই পথ দিয়ে ইউরোপে পৌঁছাতে গিয়ে নিহত অভিবাসীর সংখ্যা তার আগের বছরের তুলনায় দ্বিগুণ বেড়েছে। ২০২৬ সালের এখন পর্যন্ত এই পথে ৯১৪ অভিবাসী নিহত হয়েছেন।

অভিবাসীদের এমন ঝুঁকিপূর্ণ যাত্রা ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের সাথে যৌথভাবে কাজ করছে তিউনিশিয়া। ২০২৩ সালে ২৫৫ মিলিয়ন ইউরোর একটি চুক্তি সাক্ষর করে ইইউ এবং মরক্কো। এই অর্থের প্রায় অর্ধেক অনিয়মিত অভিবাসন ঠেকাতে ব্যবহার করার কথা রয়েছে।

সূত্র: এএফপি

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন