বাগেরহাটে তুচ্ছ ঘটনায় নিকটাত্মীয়দের হামলায় বৃদ্ধ নিহত, ভাতিজিসহ আটক চার

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের কচুয়ায় বাড়িতে হাঁস যাওয়াকে কেন্দ্র করে ভাতিজি ও তার ছেলেদের হামলায় বেদার মল্লিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভান্ডারখোলা গ্রামে দুই পরিবারের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেদার মল্লিক, স্ত্রী হালিমা বেগম (৫৮), ছেলে কাইয়ুম মল্লিক (২৬) এবং পুত্রবধূ সুমি (২১) গুরুত্বর আহত হয়।

আহতদের উদ্ধার করে দ্রুত কচুয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার আগেই বেদার মল্লিকের মৃত্যু হয়। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

নিহত বেদার মল্লিক (৬৫) উত্তর ভান্ডারখোলা গ্রামের মৃত গোলাম হোসেন মল্লিকের ছেলে। বেদার মল্লিকের ছেলে আহত কাইয়ুম মল্লিক কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আটকৃতরা হলেন, নিহত বেদার মল্লিকের ভাই মৃত হায়দার মল্লিকের মেয়ে ফাতেমা বেগম (৪৫), তার ছেলে রমজান (২৩), আব্দুল্লাহ (১৫) ও রমজানের স্ত্রী লামিয়া (১৯)।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিবেশী কাউসারের স্ত্রী রেহানার হাঁস নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিহত বেদার মল্লিকের পরিবারের সাথে ভাই মৃত হায়দার মল্লিকের মেয়ে ফাতেমা বেগম (৪৫) ও তার পরিবারের সদস্যদের সংঘর্ষ হয়। এতে বেদার মল্লিক তার পরিবারের সদস্যরা গুরুত্বর আহত হয়।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আল মামুন বলেন, একটি হাঁসকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেদার মল্লিক নিহত হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন