সাহস, আত্মত্যাগ, দৃঢ়তা ও রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন সাহাবি জুবায়ের ইবনে আওয়াম (রা.)। তিনি ছিলেন রাসুলুল্লাহ (সা.)-এর ফুফাতো ভাই, ঘনিষ্ঠ সাহাবি এবং জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ সাহাবির একজন। বদর, উহুদ, খন্দক, ইয়ারমুকসহ গুরুত্বপূর্ণ সব যুদ্ধে তিনি বীরত্বের পরিচয় দিয়েছেন। রাসুলুল্লাহ (সা.) তাকে নিজের হাওয়ারি বা একান্ত সহচর ও সাহায্যকারী হিসেবে অভিহিত করেছিলেন।
জুবায়ের ইবনে আওয়াম (রা.)-এর বংশ রাসুলুল্লাহ (সা.)-এর বংশের সঙ্গে মিলিত হয়েছে কুসাইয়ের মাধ্যমে। সাফিয়া বিনতে আবদুল মুত্তালিব ছিলেন তার মা।
মাত্র ১৬ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন তিনি। রাসুলুল্লাহ (সা.)-এর অংশ নেওয়া কোনো যুদ্ধেই তিনি অনুপস্থিত ছিলেন না। ইসলাম গ্রহণের পর তাকে নির্যাতনেরও শিকার হতে হয়। বর্ণিত আছে, তার চাচা তাকে চাটাইয়ে পেঁচিয়ে আগুনের ধোঁয়া দিতেন এবং বলতেন, কুফরিতে ফিরে যাও। জবাবে জুবায়ের (রা.) বলতেন, আমি কখনো কুফরি করব না।
নবীজির (সা.) প্রতি ভালোবাসা
সাঈদ ইবনে মুসাইয়্যাব (রহ.) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর পথে সর্বপ্রথম তরবারি বের করেন জুবায়ের ইবনে আওয়াম (রা.)।
একদিন জুবায়ের ইবনে আওয়াম (রা.) শুয়ে ছিলেন। হঠাৎ তিনি শুনতে পেলেন, রাসুলুল্লাহ (সা.) নিহত হয়েছেন। সঙ্গে সঙ্গে তিনি ঘর থেকে বের হয়ে খোলা তরবারি হাতে নিয়ে ছুটতে লাগলেন। পথিমধ্যে রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে তার দেখা হলো।
রাসুলুল্লাহ (সা.) জিজ্ঞেস করলেন, কী হয়েছে, জুবায়ের? তিনি বললেন, শুনেছি আপনি নিহত হয়েছেন। রাসুলুল্লাহ (সা.) বললেন, তাহলে তুমি কী করতে? জুবায়ের (রা.) বললেন, আল্লাহর কসম, আমি মক্কার সবাইকে আক্রমণ করতে বেরিয়ে পড়তাম। তখন নবীজি (সা.) তার জন্য কল্যাণের দোয়া করেন। সাঈদ ইবনে মুসাইয়্যাব (রহ.) বলেন, আমি আশা করি, আল্লাহর কাছে জুবায়ের (রা.)-এর জন্য নবীজি (সা.)-এর সেই দোয়া কখনো বিফলে যায়নি।
হাবশা ও মদিনায় হিজরত
সাহাবিদের ওপর কুরাইশের নির্যাতন যখন চরমে পৌঁছাল, তখন সাহাবিদের হাবশায় হিজরতের পরামর্শ দেন রাসুলুল্লাহ (সা.)। সেখানে ন্যায়পরায়ণ শাসক নাজাশির আশ্রয় নেওয়ার সুযোগ ছিল। ফলে সাহাবিরা সেখানে নিরাপদ পরিবেশে বসবাস করতে থাকেন।
এভাবে তারা নিরাপদ ও স্থিতিশীল জীবনযাপন করছিলেন। একপর্যায়ে হাবশার এক ব্যক্তি নাজাশির সঙ্গে রাজক্ষমতা নিয়ে বিরোধে জড়িয়ে পড়েন। এতে মুসলমানরা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েন। এ অবস্থায় সাহাবিরা নীল নদের অপর পারে নাজাশি ও ওই ব্যক্তির মধ্যে চলমান সংঘর্ষের খবর জানতে চাইলেন।
উম্মে সালামা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবিরা বললেন, কে এমন ব্যক্তি আছেন, যিনি গিয়ে তাদের যুদ্ধ প্রত্যক্ষ করে আমাদের কাছে খবর নিয়ে আসবেন? জুবায়ের ইবনে আওয়াম (রা.) বললেন, আমি যাব। তারা বললেন, তাহলে তুমিই যাও। তখন তিনি ছিলেন দলের সবচেয়ে কম বয়সীদের একজন।
তার জন্য একটি মশক ফুলিয়ে দেওয়া হলো। তিনি সেটি বুকে বেঁধে সাঁতার কেটে নীল নদের সেই অংশে পৌঁছালেন, যেখানে দুই পক্ষের লোকজন একত্র হয়েছিল। এরপর তিনি সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন।
উম্মে সালামা (রা.) বলেন, তখন কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে উব্দেগ নিয়ে অপেক্ষা করছিলাম আমরা। এমন সময় জুবায়ের (রা.) ফিরে এলেন। তিনি নিজের কাপড় নাড়িয়ে বলতে লাগলেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো। নাজাশি বিজয়ী হয়েছেন। আল্লাহ তার শত্রুকে ধ্বংস করেছেন এবং তার দেশে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছেন।
হাবশা থেকে মক্কায় ফিরে আসার পর জুবায়ের (রা.) প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর সান্নিধ্যে থেকে ইসলামের শিক্ষা, আদেশ ও নিষেধ সম্পর্কে জ্ঞান অর্জন করতে থাকেন। রাসুলুল্লাহ (সা.) যখন মদিনায় হিজরত করেন, তখন জুবায়ের (রা.)-ও মদিনায় হিজরতকারীদের অন্তর্ভুক্ত ছিলেন।
বদর যুদ্ধে জুবায়ের (রা.)
জুবায়ের (রা.) ছিলেন দুর্ধর্ষ অশ্বারোহী ও সাহসী যোদ্ধা। রাসুলুল্লাহ (সা.)-এর কোনো যুদ্ধেই তিনি অনুপস্থিত ছিলেন না। প্রতিটি যুদ্ধ ও সংঘাতে তাকে সাহস, বিরল বীরত্ব, পূর্ণ নিষ্ঠা এবং সত্যের বিজয়ের জন্য আত্মনিবেদনের দৃষ্টান্ত হিসেবে দেখা যায়।
আল্লাহর পথে তিনি নিজের জীবন ও সম্পদ উৎসর্গ করেছিলেন। এর বিনিময়ে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেছেন।
বদর যুদ্ধে তার মাথায় হলুদ পাগড়ি ছিল। উরওয়া (রহ.) থেকে বর্ণিত, বদরের দিন জুবায়ের (রা.)-এর মাথায় হলুদ পাগড়ি ছিল। জিবরাইল (আ.) তার আকৃতিতে অবতীর্ণ হয়েছিলেন। এটি ছিল এমন এক মর্যাদা, যার তুলনায় পুরো দুনিয়ার সম্পদও তুচ্ছ।
খন্দক যুদ্ধে নবীজির সহচর জুবায়ের
রাসুলুল্লাহ (সা.)-এর হাতে দাওয়াতের পরিবেশে বেড়ে উঠেছিলেন জুবায়ের ইবনে আওয়াম (রা.)। অল্প বয়স থেকেই ইসলামের দায়িত্ব বহনের জন্য প্রয়োজনীয় শিক্ষা ও প্রশিক্ষণ পেয়েছিলেন। আহজাবের যুদ্ধে জুবায়ের (রা.)-এর ভূমিকা তার সাহস, সাহায্যের মানসিকতা ও ব্যক্তিত্বের অনন্য পরিচয় বহন করে।
খন্দকের যুদ্ধে রাসুলুল্লাহ (সা.) বললেন, বনু কুরাইজা সম্পর্কে কে আমাকে খবর এনে দেবে? জুবায়ের (রা.) বললেন, আমি যাব। তিনি ঘোড়ায় চড়ে রওনা হলেন এবং তাদের সম্পর্কে খবর নিয়ে ফিরে এলেন। এরপর নবীজি (সা.) দ্বিতীয়বার একই কথা বললেন। জুবায়ের (রা.) আবার বললেন, আমি যাব। তিনি আবার গেলেন। তৃতীয়বারও রাসুলুল্লাহ (সা.) একই কথা বললে তিনি বললেন, আমি যাব। তখন নবীজি (সা.) বললেন, প্রত্যেক নবীর একজন হাওয়ারি থাকে, আর আমার হাওয়ারি হলো জুবায়ের।
হাওয়ারি বলতে বোঝায়, আমার ঘনিষ্ঠ সহচর, সাহায্যকারী ও একান্ত অনুগত সাহাবি। ঈসা (আ.)-এর সাহাবিদেরও হাওয়ারি বলা হয়। অর্থাৎ হাওয়ারি হলো এমন এক নিষ্ঠাবান সাহায্যকারী, যে সত্যের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ায়।
ইয়ারমুকের যুদ্ধে জুবায়ের (রা.)
উরওয়া থেকে বর্ণিত, ইয়ারমুকের দিন রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবিরা জুবায়ের (রা.)-কে বললেন, আপনি কি একবার শত্রুদের ওপর আক্রমণ করবেন না? আমরা আপনার সঙ্গে আক্রমণ করব। তিনি বললেন, আমি যদি আক্রমণ করি, তাহলে তোমরা কি সত্যিই আমার সঙ্গে থাকবে? তারা বললেন, অবশ্যই থাকব।
জুবায়ের (রা.) শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। তিনি তাদের সারি ভেদ করে এত দূর চলে গেলেন যে তার সঙ্গে আর কেউ ছিল না। এরপর তিনি ফিরে এলেন। সাহাবিরা তার ঘোড়ার লাগাম ধরে তাকে থামালেন। তার কাঁধে দুটি আঘাতের দাগ ছিল। এর একটি বদরের দিনকার আঘাত।
উরওয়া বলেন, আমি ছোটবেলায় সেই আঘাতের দাগে আঙুল ঢুকিয়ে খেলতাম। সেদিন তার সঙ্গে তার ছেলে আবদুল্লাহ ইবনে জুবায়েরও ছিলেন। তখন তাঁ বয়স ছিল মাত্র ১০ বছর। জুবায়ের (রা.) তাকে ঘোড়ায় বসিয়ে একজন ব্যক্তির তত্ত্বাবধানে দেন।
মিসর বিজয়ে জুবায়ের (রা.)
আমর ইবনে আস (রা.) যখন মিসর বিজয়ের উদ্দেশ্যে রওনা হন, তখন তার সঙ্গে থাকা বাহিনী মিসর বিজয়ের জন্য যথেষ্ট ছিল না। তাই তিনি ওমর ইবনে খাত্তাব (রা.)-এর কাছে আরও সৈন্য পাঠানোর অনুরোধ করেন।
ওমর (রা.) আমরের বাহিনীর সংখ্যা কম হওয়ায় উদ্বিগ্ন হলেন। তিনি জুবায়ের ইবনে আওয়াম (রা.)-এর নেতৃত্বে আরও ১২ হাজার সৈন্য পাঠান। অন্য বর্ণনায় রয়েছে, ওমর (রা.) চার হাজার সৈন্য পাঠিয়েছিলেন। এই বাহিনীতে বিশিষ্ট্য সাহাবিদের ছিলেন জুবায়ের, মিকদাদ ইবনে আসওয়াদ, উবাদা ইবনে সামিত ও মাসলামা ইবনে মুখাল্লাদ।
ওমর (রা.) চিঠিতে লিখেছিলেন, আমি তোমাকে চার হাজার সৈন্য দিয়ে সাহায্য করছি। তাদের প্রত্যেক হাজারের সঙ্গে এমন একজন রয়েছেন, যিনি এক হাজার সৈন্যের সমান।
জুবায়ের (রা.) আমরের কাছে পৌঁছে দেখলেন, তিনি বাবিলিয়নের দুর্গ অবরোধ করেছেন। জুবায়ের (রা.) ঘোড়ায় চড়ে দুর্গের চারপাশের পরিখা ঘুরে দেখলেন এবং পরিখার চারদিকে সৈন্যদের অবস্থান করালেন।
অবরোধ দীর্ঘ হতে হতে সাত মাসে পৌঁছাল। তখন জুবায়ের (রা.)-কে বলা হলো, দুর্গের ভেতরে প্লেগ ছড়িয়ে পড়েছে। তিনি বললেন, আমরা তো আঘাত ও মহামারির মুখোমুখি হতে এসেছি।
আমর ইবনে আসের জন্য বিজয় বিলম্বিত হচ্ছিল। তখন জুবায়ের (রা.) বললেন, আমি নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করছি। আশা করি, এর মাধ্যমে আল্লাহ মুসলমানদের বিজয় দান করবেন।
তিনি একটি মই এনে দুর্গের পাশের হাম্মাম মার্কেটের দিকের দেয়ালে সেটি ঠেকিয়ে দিলেন। এরপর তিনি মই বেয়ে ওপরে উঠলেন এবং সৈন্যদের বললেন, তোমরা যখন আমার তাকবির শুনবে, তখন সবাই একসঙ্গে তাকবির দেবে।
হঠাৎ তারা দেখল, জুবায়ের (রা.) দুর্গের চূড়ায় উঠে গেছেন। তার হাতে তরবারি এবং তিনি তাকবির দিচ্ছেন। তাকে অনুসরণ করে সৈন্যরা মইয়ের ওপর উঠতে শুরু করল। তখন আমর ইবনে আস (রা.) তাদের থামালেন, কারণ তিনি আশঙ্কা করেছিলেন, বেশি লোক উঠলে মইটি ভেঙে যেতে পারে।
রোমানরা যখন দেখল, আরবরা দুর্গ দখল করে ফেলেছে, তখন তারা সেখান থেকে সরে গেল। এভাবেই বাবিলিয়নের দুর্গ মুসলমানদের জন্য খুলে গেল। এই দুর্গ বিজয়ের মধ্য দিয়ে মিসর বিজয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। জুবায়ের (রা.)-এর অসাধারণ সাহসই মুকাওকিসের বিরুদ্ধে মুসলমানদের বিজয়ের সরাসরি কারণ হয়ে দাঁড়ায়।
খুলনা গেজেট/এএজে

