বিষপানে ছেলের আত্মহত্যা, মরদেহ দেখে পিতারও মৃত্যূ

নিজস্ব প্রতি‌বেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জের মুকসুদপুরে ছেলে লিটন কাজীর (৩২) মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে মারা গেছেন বাবা মান্নান কাজী (৬০)।

পরে লোহাচুড়া গ্রামে বাবা ও ছেলের জানাজার নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হবার পর দাফন করা হয়। ছেলে ও বাবার এক সঙ্গে মৃত্যুর ঘটনায় গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এমন হৃদয়বিদায়ক ঘটনাটি ঘটেছে সোমবার (১৭ আগস্ট) রাতে মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাচুড়া গ্রামে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণের কিস্তির টাকা জোগাড় করতে না পারায় এবং এক কর্মকর্তার কথায় গত রোববার (১৬ আগস্ট) সকালে বিষপান করেন লিটন কাজী। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মুকসুদপুর থানা-পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লিটনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় লিটনের মরদেহ বাড়িতে নিয়ে আসা হলে বাবা মান্নান কাজী ছেলের মরদেহ দেখে শোকে অসুস্থ হয়ে পড়েন এবং কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরে লোহাচুড়া গ্রামে বাবা ও পুত্রের জানাজা একসঙ্গে সম্পন্ন হয়। জানাজায় স্বজন, প্রতিবেশীসহ স্থানীয় লোকজন অংশ নেন।

বাবা ও ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন