প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীন দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মানবাধিকার সংস্থা ‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’-এর উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত হয়েছেন।
সংগঠনটির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান ও নেপালের পশ্চিম প্রদেশের গভর্নর নজির মিয়ার সম্মতিক্রমে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। শিক্ষাব্যবস্থার প্রসারের পাশাপাশি মানবাধিকার উন্নয়ন, সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি, আইনের শাসন ও মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ড. মেশকাত উদ্দীন দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে দীর্ঘ চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন এই বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন সম্পন্ন করেন। তিনি আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং ক্লিভল্যান্ড স্টেট ইউনিভার্সিটি থেকে ডক্টর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ডিবিএ) ডিগ্রি অর্জন করেন।
প্রায় ৩০ বছর ধরে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়ে আসা অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীন বর্তমানে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে তাঁর এই মনোনয়ন মানবাধিকার সুরক্ষায় আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
খুলনা গেজেট/এনএম

