এআই ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

গেজেট প্রতিবেদন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ ও প্রযুক্তিগত রূপান্তরের এই যুগে তরুণ সমাজকেই নতুন সভ্যতার মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, চলমান নতুন প্রযুক্তির ইকোসিস্টেমে প্রতিদিন তৈরি হওয়া চ্যালেঞ্জ পুরোনো দিনের জ্ঞান ও অভিজ্ঞতায় মোকাবিলা করা কঠিন। তাই তরুণদের হাতে সঠিক জ্ঞান ও নতুন দক্ষতা তুলে দেয়া রাষ্ট্রের প্রধান দায়িত্ব।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। চলতি বছর দিবসটির প্রতিপাদ্য ছিল—‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, প্রযুক্তি ও জ্ঞানের অভাবনীয় বিবর্তন মানব সভ্যতার জন্য যেমন সম্ভাবনা তৈরি করেছে, তেমনি নিয়ে এসেছে নতুন চ্যালেঞ্জ। পরিবর্তনশীল এই বৈশ্বিক পরিস্থিতিতে নতুন প্রযুক্তির সাথে মানিয়ে নেয়ার জৈবিক ও সহজাত সক্ষমতা তরুণদের মধ্যেই সবচেয়ে বেশি।

তরুণদের দক্ষতা উন্নয়নে জোর দিয়ে তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের মতো প্রচলিত সংকটের পাশাপাশি প্রযুক্তিভিত্তিক নতুন চ্যালেঞ্জ যোগ হচ্ছে। তরুণদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে আরও কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণদের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রেখে ক্রীড়া, সৃজনশীলতা এবং আন্তর্জাতিক জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজকে সম্পৃক্ত করতে নানামুখী ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করছেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ফরেন সার্ভিস একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদেশি প্রতিনিধি এবং যুব উদ্যোক্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন