হত্যা মামলায় সাতক্ষীরার আ’লীগ নেতা নজরুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

পৃথক পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (১০ আগস্ট) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মণ্ডলের আদালতে আ’লীগ নেতা নজরুল ইসলামকে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর থানায় দায়ের করা পাঁচটি হত্যা মামলায় নজরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৪ সালে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় ‘ক্রসফায়ারের’ নামে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের হত্যার ঘটনায় হুকুম ও মদদ দেওয়ার অভিযোগে এসব মামলায় নজরুল ইসলামকে আসামি করা হয়। সোমবার আদালতে নজরুল ইসলামকে হাজির করার পর মামলাগুলোর শুনানি হয়। এসব মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

আদালত সূত্র আরও জানায়, পাঁচ মামলার মধ্যে জিআর ৩৯৯/২৪ মামলাটি ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর, জিআর ৩৮০/২৪ মামলাটি ২৭ আগস্ট, জিআর ৪৩৮/২৪ মামলাটি ২৩ সেপ্টেম্বর, জিআর ৪৪১/২৪ মামলাটি ২৫ সেপ্টেম্বর এবং জিআর ৪৩৯/২৪ মামলাটি ২৩ সেপ্টেম্বর করা হয়। মামলাগুলোতে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারাসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছ।

নজরুল ইসলামের ছেলে রাজু আহমেদ বলেন, আমার বাবাকে রাজনৈতিক মামলায় আটক করে কারাগারে পাঠানো হচ্ছে। আমরা রাষ্ট্রের কাছে ন্যায়বিচার আশা করছি।

রাষ্ট্রপক্ষে সাতক্ষীরা আদালতের কোর্ট ইন্সপেক্টর মো. মইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। শুনানিকালে আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ওসমান গনি, সাইদুর রহমান সাইদ ও আল মাহমুদ পলাশ।

প্রসঙ্গত, গত ২৭ জুলাই রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সেদিন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, দুপুর ১২টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং এসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছিল ডিবি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন