খুলনায় দুর্বৃত্তের হামলায় খাদ্য নিয়ন্ত্রক আহত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় দুর্বৃত্তের হামলায় খাদ্য নিয়ন্ত্রক অনিন্দ্য কুমার দাস আহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় নগরীর ফারাজীপাড়া আকবর স্টোরের সামনে তার ওপর দুর্বৃত্তরা হামলা চালায়।

আহত অনিন্দ্য কুমার দাস বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

স্থানীয়রা জানায়, অনিন্দ্য কুমার দাস আকবর স্টোর থেকে বাজার করে বের হওয়ার কিছুক্ষণ পর ৫-৬ জন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে তারা ছুরি দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করে। স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সোনাডাঙ্গা মডেল থানার সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর বলেন, দুর্বৃত্তরা তাকে কিল-ঘুষি মেরেছে। খবর পেয়ে পুলিশ খুমেকে যায় এবং বিস্তারিত জানার চেষ্টা করছে। তবে কী কারণে তার ওপর এ হামলা, তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন